মূল কন্টেন্টে যান

CSV ফাইল দিয়ে প্রোডাক্ট ইমপোর্ট ও এক্সপোর্ট

এক্সেল বা গুগল শিট থেকে CSV ফাইল বানিয়ে একসাথে অনেক প্রোডাক্ট যোগ বা আপডেট করুন, আর পুরো প্রোডাক্ট তালিকা CSV ফাইলে নামিয়ে নিন।

সর্বশেষ যাচাই: ২২ অক্টোবর ২০২৬
এই পেজে যা আছে
  1. শুরু করার আগে
  2. ফাইল ইমপোর্ট করুন
  3. ইমপোর্টে যা হয় আর যা হয় না
  4. বাতিল হওয়া সারি ঠিক করুন
  5. পুরো তালিকা এক্সপোর্ট করুন
  6. AI দিয়ে ফাইল বানিয়ে নিন
  7. সমস্যা হলে

প্রোডাক্ট এক এক করে না দিয়ে, এক্সেল বা গুগল শিটে তালিকা বানিয়ে CSV ফাইল হিসেবে সেভ করুন আর টুকরিতে ইমপোর্ট করুন। ফাইলের নতুন প্রোডাক্ট যোগ হয়, আর আগে থেকে থাকা প্রোডাক্ট আপডেট হয়। উল্টোভাবে, এক্সপোর্ট চেপে দোকানের পুরো প্রোডাক্ট তালিকা একটা CSV ফাইলে নামিয়ে নেওয়া যায়।

শুরু করার আগে

  • ইমপোর্ট আর এক্সপোর্টের জন্য পণ্যের বাল্ক টুল অনুমতি লাগে। শুরুতে এটা মালিক আর অ্যাডমিন রোলে থাকে, স্টাফ রোলে থাকে না; মালিক চাইলে সেটিংস › রোল থেকে অন্য রোলকেও দিতে পারেন। অনুমতি না থাকলে বাটন দুটো দেখায় না।
  • ফাইলে যে একক (যেমন Pieces বা Kilogram) লিখবেন, তা আগে থেকেই দোকানে থাকতে হবে। নতুন একক লাগলে প্রোডাক্টের ফর্মে একক এর পাশের + দিয়ে আগে যোগ করুন। ক্যাটাগরি না থাকলে ফাইল থেকেই তৈরি হয়ে যায়।
  • ফাইলটা UTF-8 CSV হিসেবে সেভ করুন, যাতে বাংলা নাম ঠিক থাকে। ফাইল .csv হতে হবে, সর্বোচ্চ ৫ MB।
  • কোন কলামে কী লিখবেন, তার পুরো বিবরণ আছে টুকরির CSV ইমপোর্ট নির্দেশিকায়। সেখানে খালি টেমপ্লেট ফাইলও নামানো যায়।

ফাইল ইমপোর্ট করুন

  1. বাঁ পাশের মেনু থেকে পণ্য খুলুন আর উপরের ইমপোর্ট চাপুন। (ফোনে এটা তালিকার উপরের আপলোডের আইকন।) কম্পিউটারে পণ্যের তালিকার উপরের অংশ: এক্সপোর্ট আর ইমপোর্ট বাটনসহ অন্য বাটনগুলো
  2. শুরু করার মতো ফাইল লাগলে টেমপ্লেট ডাউনলোড চাপুন; প্রতিটি কলামের মানে জানতে CSV নির্দেশিকা পড়ুন।
  3. CSV ফাইল ঘরে আপনার ফাইলটা বেছে নিন। CSV থেকে পণ্য ইমপোর্ট: CSV নির্দেশিকা পড়ুন আর টেমপ্লেট ডাউনলোড লিংক, নিচে বেছে নেওয়া demo-products.csv ফাইল
  4. ইমপোর্ট শুরু করুন চাপুন। "ইমপোর্ট সারিতে দেওয়া হয়েছে। শেষ হলে আপনাকে জানানো হবে।" বার্তা আসবে।
  5. ইমপোর্ট পেছনে চলতে থাকে, তাই ঘরটা বন্ধ করে অন্য কাজ করতে পারেন। শেষ হলে উপরের ঘণ্টার আইকনে "পণ্য ইমপোর্ট শেষ হয়েছে" নোটিফিকেশন আসে।
  6. আবার ইমপোর্ট খুলুন। সর্বশেষ ইমপোর্ট অংশে দেখাবে কয়টা প্রোডাক্ট যোগ হলো, কয়টা আপডেট হলো আর কয়টা বাতিল হলো। সর্বশেষ ইমপোর্ট: মোট ৩টি পণ্যের মধ্যে ২টি যোগ, ০টি হালনাগাদ, ১টি বাতিল, আর বাতিল হওয়া সারিগুলো ডাউনলোড করুন লিংক

ইমপোর্টে যা হয় আর যা হয় না

  • প্রোডাক্ট মেলানো হয় তার SKU দিয়ে; SKU ঘর খালি থাকলে বা না মিললে বারকোড দিয়ে। মিললে সেই প্রোডাক্ট আপডেট হয়, না মিললে নতুন প্রোডাক্ট যোগ হয়। তাই SKU আর বারকোড দুটোই খালি রেখে একই ফাইল দুবার ইমপোর্ট করলে প্রোডাক্টগুলো দুবার যোগ হবে।
  • ফাইলের স্টক শুধু নতুন প্রোডাক্ট বা নতুন ভ্যারিয়েন্টের শুরুর স্টক হিসেবে বসে। আগে থেকে থাকা প্রোডাক্টের স্টক ফাইল দিয়ে কখনো বদলায় না; তার জন্য পারচেজ বা স্টক অ্যাডজাস্টমেন্ট করুন।
  • ইমপোর্ট কোনো প্রোডাক্ট, ভ্যারিয়েন্ট বা প্যাক মোছে না।
  • সাধারণ প্রোডাক্টকে ভ্যারিয়েন্টওয়ালা বানানো বা উল্টোটা, আর ব্যাচ ও মেয়াদ চালু-বন্ধ করা ফাইল দিয়ে হয় না; এগুলো প্রোডাক্টের পেজে করুন। যে প্রোডাক্টের স্টক একবার কেনা-বেচা হয়েছে, ফাইল দিয়ে তার এককও বদলায় না।
  • ছবি CSV-তে যায় না।
  • প্রতিটি প্রোডাক্ট আলাদাভাবে ইমপোর্ট হয়: একটায় ভুল থাকলেও বাকিগুলো যোগ হয়।

বাতিল হওয়া সারি ঠিক করুন

কোনো প্রোডাক্ট বাতিল হলে সর্বশেষ ইমপোর্ট অংশে বাতিল হওয়া সারিগুলো ডাউনলোড করুন লিংক আসে। সেই ফাইলে প্রতিটি বাতিল সারির নম্বর, কোন কলামে আর কী ভুল তা লেখা থাকে, যেমন "দোকানে এই নামে কোনো একক নেই"। ওই ফাইলের সারিগুলো ঠিক করে আবার আপলোড করুন। যেসব পণ্য ইমপোর্ট হয়েছে সেগুলোতে হাত পড়বে না। এই রিপোর্ট শুধু যিনি ফাইল আপলোড করেছেন তিনিই নামাতে পারেন।

পুরো তালিকা এক্সপোর্ট করুন

পণ্য-এ উপরের এক্সপোর্ট চাপুন (ফোনে ডাউনলোডের আইকন)। দোকানের সব প্রোডাক্টের একটা CSV ফাইল নামবে: সক্রিয়, নিষ্ক্রিয় সব, শুধু মুছে ফেলাগুলো বাদে। ইমপোর্ট যে কলামগুলো পড়ে, এতেও ঠিক সেই কলাম থাকে। তাই এক্সপোর্ট করা ফাইলে দাম বা নাম বদলে আবার ইমপোর্ট করলে একসাথে অনেক প্রোডাক্ট আপডেট হয়।

AI দিয়ে ফাইল বানিয়ে নিন

CSV ইমপোর্ট নির্দেশিকায় AI দিয়ে ফাইলটি বানিয়ে নিন নামে একটা অংশ আছে, সাথে তৈরি করা একটা নির্দেশনা। সেটা কপি করে ChatGPT, Claude, Gemini বা অন্য কোনো AI-তে দিন, তারপর আপনার প্রোডাক্টের তালিকা পাঠান (লেখা তালিকা, সাপ্লায়ারের দামের তালিকা বা খাতার পাতার ছবি)। AI যে CSV দেয়, সেটা ইমপোর্ট করুন। ইমপোর্টের আগে দাম আর স্টক একবার মিলিয়ে নিন।

CSV ইমপোর্ট নির্দেশিকার উপরের অংশ: টেমপ্লেট ডাউনলোড বাটন আর AI দিয়ে ফাইলটি বানিয়ে নিন অংশ

সমস্যা হলে

ইমপোর্ট আটকে আছে বলে মনে হচ্ছে। সর্বশেষ ইমপোর্ট অংশে ঘোরার চিহ্ন অনেকক্ষণ থাকলে কয়েক মিনিট অপেক্ষা করে ঘরটা আবার খুলুন। একেবারেই না এগোলে টুকরি সাপোর্টে যোগাযোগ করুন।

লেখা আসছে "আপলোড করা ফাইলটি পড়া যায়নি।" বা "ফাইলটি খালি।" ফাইলটা আবার UTF-8 CSV হিসেবে সেভ করে চেষ্টা করুন। প্রথম লাইনের কলামের নাম (হেডার) থেকে দরকারি কোনো কলাম বাদ পড়লে পুরো ফাইলই বাতিল হয়; টেমপ্লেটের হেডার দিয়ে শুরু করুন।

কোনো সারিতে লেখা "আপনার প্ল্যানের পণ্যসীমা পূর্ণ, তাই এই পণ্যটি যোগ হয়নি।" আপনার প্ল্যানে যত প্রোডাক্ট রাখা যায় তা ভরা। বড় প্ল্যান নিন: প্ল্যান ও সাবস্ক্রিপশন।

কোনো সারিতে বলছে SKU একটা মুছে ফেলা প্রোডাক্টের। সেই প্রোডাক্টটা ফিরিয়ে আনুন (প্রোডাক্ট মুছে ফেলা ও ফিরিয়ে আনা), অথবা ফাইলে অন্য SKU দিন।

ইমপোর্ট বা এক্সপোর্ট বাটন নেই। আপনার রোলে পণ্যের বাল্ক টুল অনুমতি নেই। দোকানের মালিককে বলুন।

ভিডিওতে দেখুন

ভিডিওতে যা বলা হয়েছে

একটা একটা করে প্রোডাক্ট অ্যাড করতে করতে ক্লান্ত? এক্সেলের লিস্ট থেকে সব একবারে তুলে দিন।

বাঁ পাশের মেনুতে পণ্য খুলুন, উপরে ইমপোর্ট বাটনে ক্লিক করুন। শুরুর ফাইল চাইলে টেমপ্লেট ডাউনলোড করুন। কোন কলামে কী লিখবেন, নির্দেশিকায় আছে।

প্রতিটা প্রোডাক্টের জন্য একটা লাইন, নাম, ইউনিট, কেনা আর বেচার দাম, স্টক। এক্সেল বা গুগল শিটে বানিয়ে, সিএসভি হিসেবে সেভ করুন। তবে ইউনিটটা দোকানে আগে থেকেই থাকতে হবে।

এবার ফাইল বাছাই করুন চেপে ফাইলটা দিন, তারপর ইমপোর্ট শুরু করুন। ইমপোর্টটা পেছনে চলতে থাকে, এর মধ্যে অন্য কাজ করতে পারেন।

শেষ হলে উপরের ঘণ্টায় নোটিফিকেশন আসবে। আবার ইমপোর্ট খুললেই দেখবেন, কয়টা যোগ হলো, কয়টা আপডেট, কয়টা বাতিল। বাতিল সারিগুলো ডাউনলোড করলে দেখবেন কী ভুল, ঠিক করে আবার আপলোড করুন।

একটা সারিতে ভুল থাকলেও, বাকিগুলো ঠিকই যোগ হয়। এসকেইউ মিললে পুরোনো প্রোডাক্ট আপডেট হয়, কিন্তু তার স্টক বদলায় না। স্টকের জন্য পারচেজ বা অ্যাডজাস্টমেন্ট করুন।

আর এক্সপোর্ট চাপলে পুরো লিস্টটা ডাউনলোড হবে। ওতে দাম বদলে ইমপোর্ট করলেই সব আপডেট। শুরুতে এই দুটো বাটন পান মালিক আর অ্যাডমিন।

সব প্রোডাক্ট একবারে, tukri.bd

আরও সাহায্য লাগবে?

আমাদের লিখুন, কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, টুকরির একজন আপনাকে সাহায্য করবে।

যোগাযোগ করুন