মূল কন্টেন্টে যান

দিনের বিক্রির রিপোর্ট (দৈনিক বিক্রয়)

দৈনিক বিক্রয় রিপোর্টে যেকোনো সময়ের প্রতিদিন কত টাকার বিক্রি হলো দেখুন, চার্টে আর মোট আয় ও বিক্রির সংখ্যাসহ। পিডিএফ বা সিএসভিও নেওয়া যায়।

সর্বশেষ যাচাই: ২২ অক্টোবর ২০২৬
এই পেজে যা আছে
  1. শুরু করার আগে
  2. দৈনিক বিক্রয় দেখুন
  3. কী ধরা হয়
  4. ডাউনলোড করুন
  5. সমস্যা হলে

দৈনিক বিক্রয় রিপোর্টে একটা সময়ের প্রতিটি দিনে কত টাকার বিক্রি হলো তা চার্টে দেখায়, নিচে সেই সময়ের মোট আয় আর মোট কয়টা বিক্রি। শুধু আজকের হিসাব একনজরে চাইলে ড্যাশবোর্ড-এই আজকের বিক্রি দেখায়।

শুরু করার আগে

  • রিপোর্ট দেখেন মালিক আর অ্যাডমিন। স্টাফ রোলে রিপোর্ট থাকে না।
  • নিজের বানানো রোলে রিপোর্ট খোলা অনুমতি থাকলেই এই রিপোর্ট খোলে; লাভ দেখার অনুমতি লাগে না।

দৈনিক বিক্রয় দেখুন

  1. রিপোর্টের তালিকা খুলুন।

কম্পিউটারে

বাঁ পাশের মেনুতে রিপোর্ট ক্লিক করুন।

ফোন বা ট্যাবলেটে

মেনু থেকে রিপোর্ট খুলুন।

  1. দৈনিক বিক্রয় চাপুন।
  2. উপরের বাটন থেকে সময় বেছে নিন: আজ, এই সপ্তাহ, এই মাস বা নির্দিষ্ট। খুললে আগে থেকে এই মাস দেখায়, আর বাটনের নিচে লেখা থাকে কোন তারিখ থেকে কোন তারিখ।
  3. চার্টের প্রতিটি দাগ একটি দিন; সবচেয়ে বেশি বিক্রির দিনটি সবুজ। কোনো দাগে চাপলে সেই দিনের তারিখ, বিক্রির টাকা আর কয়টা বিক্রি দেখায়। এই মাসের দৈনিক বিক্রয়: প্রতিদিনের চার্ট, ২১ অক্টোবরের দাগে চাপলে ২,১৩০ টাকা আর ২টি বিক্রি, নিচে মোট আয় ৩৩,৩১৫ টাকা আর ৩৫টি বিক্রয়
  4. চার্টের নিচে মোট আয় আর মোট বিক্রয়, পুরো সময়ের।

নির্দিষ্ট চাপলে শুরু আর শেষ তারিখ বেছে প্রয়োগ করুন চাপুন। যেমন গত মাসের একটা নির্দিষ্ট দিন দেখতে দুটো তারিখই সেই দিন দিন।

কী ধরা হয়

  • সম্পন্ন বিক্রি, ফেরত দেওয়া মাল বাদ দিয়ে। বাতিল (ভয়েড) করা বিক্রি ধরা হয় না।
  • নগদ আর বাকি, দুই ধরনের বিক্রিই ধরা হয়, বিক্রির দিনে।
  • দিন গোনা হয় বাংলাদেশ সময়ে, রাত ১২টা থেকে রাত ১২টা।
  • যেদিন কোনো বিক্রি হয়নি, সেদিনের দাগ খালি থাকে।
  • এটা বিক্রির রিপোর্ট, টাকা আদায়ের নয়। কোন অ্যাকাউন্টে কত টাকা এলো-গেলো দেখতে রিপোর্টের তালিকায় ক্যাশ ফ্লো দেখুন।

ডাউনলোড করুন

উপরে ডানে পিডিএফ ডাউনলোড আর সিএসভি। ফোনে শুধু আইকন দেখায়। সিএসভিতে প্রতিদিনের একটি সারি থাকে: তারিখ, বিক্রির সংখ্যা আর আয়, ঠিক স্ক্রিনের সময়ের জন্য।

সমস্যা হলে

মেনুতে রিপোর্ট নেই। আপনার রোলে রিপোর্ট খোলা অনুমতি নেই। মালিককে বলুন।

কোনো দিনের বিক্রি কম দেখাচ্ছে। সেই বিক্রির মাল পরে ফেরত এলে তা বিক্রির দিন থেকেই বাদ যায়, আর বাতিল করা বিক্রি ধরা হয় না। রাত ১২টার পরের বিক্রি পরের দিনে পড়ে।

মোট আয় লাভ-ক্ষতির আয়ের সঙ্গে একটু মেলে না। বিক্রিতে বকশিশ নেওয়া থাকলে এই রিপোর্টে তা বিক্রির টাকার মধ্যে থাকে, কিন্তু লাভ-ক্ষতির রিপোর্ট বকশিশ আয়ে ধরে না।

ভিডিওতে দেখুন

ভিডিওতে যা বলা হয়েছে

মাস শেষে লাভ হলো, না ক্ষতি? কার কাছে কত দিনের বাকি? সব উত্তর টুকরির রিপোর্টে।

বাঁ পাশের মেনুতে রিপোর্ট ক্লিক করুন। সব রিপোর্টের তালিকা খুলবে।

সবার উপরে লাভ-ক্ষতি। উপরে সময় বেছে নিন: আজ, এই সপ্তাহ, বা এই মাস। অন্য তারিখের জন্য নির্দিষ্ট চাপুন। আয় থেকে মালের কেনা দাম বাদে মোট মুনাফা, তারপর দোকানের খরচ বাদে নিট মুনাফা। লাভ হলে সবুজ, ক্ষতি হলে লাল।

দৈনিক বিক্রয় রিপোর্টে প্রতিদিনের বিক্রি দেখবেন চার্টে। সবচেয়ে বেশি বিক্রির দিনটা সবুজ। কোনো দাগে চাপলে, সেদিনের হিসাব দেখায়। নিচে মোট আয় আর মোট কয়টা বিক্রি।

স্টক মূল্যায়ন দেখায়, দোকানের মাল কিনতে কত পড়েছে, আর বেচলে কত আসবে। ব্যাচ আর মেয়াদ রাখলে, মেয়াদের রিপোর্টও আছে।

বকেয়া বয়স বিশ্লেষণে দেখবেন, কার কাছে কত বাকি, কত দিন ধরে। যার বাকি পুরোনো, তাকে আগে মনে করান।

উপরে ডানে ডাউনলোডের বাটনও আছে। রিপোর্ট দেখেন মালিক আর অ্যাডমিন।

হিসাব বুঝুন এক নজরে, tukri.bd

আরও সাহায্য লাগবে?

আমাদের লিখুন, কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, টুকরির একজন আপনাকে সাহায্য করবে।

যোগাযোগ করুন