# টুকরিতে অ্যাকাউন্ট খোলা, লগ ইন ও লগ আউট

> ইমেইল আর ফোন নম্বর বা Google দিয়ে ফ্রি অ্যাকাউন্ট খুলুন, লগ ইন করুন, পাসওয়ার্ড ভুলে গেলে রিসেট করুন আর লগ আউট করুন।

টুকরি ব্যবহার করতে একটা অ্যাকাউন্ট লাগে, আর সেটা খুলতে কোনো টাকা বা কার্ড লাগে না। ইমেইল ও ফোন নম্বর দিয়ে, অথবা Google অ্যাকাউন্ট দিয়ে রেজিস্টার করুন। পরে একই ইমেইল-পাসওয়ার্ড, Google বা পাসকি দিয়ে লগ ইন করবেন।

## শুরু করার আগে

- একটা ইমেইল ঠিকানা, যেটা আপনি খুলতে পারেন। ভেরিফিকেশন কোড আর পাসওয়ার্ড রিসেটের লিংক সেখানেই যায়।
- একটা বাংলাদেশি মোবাইল নম্বর।

## নতুন অ্যাকাউন্ট খুলুন

1. tukri.bd খুলে **ফ্রি রেজিস্টার করুন** চাপুন।
2. ফর্মটা ইংরেজিতে খুললে উপরের **বাংলা** চাপুন।
   ![রেজিস্টারের ফর্ম: Google দিয়ে সাইন আপ বাটন, তারপর নাম, ইমেইল ঠিকানা, ফোন নম্বর আর পাসওয়ার্ডের ঘর](https://tukri.bd/help-center/bn/create-account-and-sign-in/register-phone.webp)
3. **নাম**, **ইমেইল ঠিকানা** আর **ফোন নম্বর** দিন। নম্বর ঠিক থাকলে নিচে সবুজ টিক দেখায়।
4. **পাসওয়ার্ড** দিন। **আপনার পাসওয়ার্ডে থাকতে হবে** তালিকার সব শর্ত সবুজ টিক হতে হবে: কমপক্ষে ৮টি অক্ষর, একটি বড় আর একটি ছোট হাতের অক্ষর, একটি সংখ্যা আর একটি চিহ্ন (যেমন ! @ #)।
   ![পাসওয়ার্ডের শর্তগুলো সবুজ টিক দেওয়া, নিচে পাসওয়ার্ড নিশ্চিত করার ঘর](https://tukri.bd/help-center/bn/create-account-and-sign-in/password-rules-phone.webp)
5. **পাসওয়ার্ড নিশ্চিত করুন** ঘরে একই পাসওয়ার্ড আবার লিখুন। মিললে **দুটি পাসওয়ার্ড মিলেছে** দেখাবে।
6. **অ্যাকাউন্ট তৈরি করুন** চাপুন।
   ![অ্যাকাউন্ট তৈরি করুন বাটন আর তার নিচে লগ ইনের লিংক](https://tukri.bd/help-center/bn/create-account-and-sign-in/create-account-phone.webp)
7. এরপর ইমেইল ভেরিফাই করার স্ক্রিন আসবে, তারপর দোকান সেটআপ। দেখুন [ইমেইল ভেরিফাই করা](https://tukri.bd/bn/help/verify-email) আর [নতুন দোকান সেটআপ](https://tukri.bd/bn/help/set-up-your-shop)।

> **টিপস:**
>
> Google অ্যাকাউন্ট থাকলে ফর্মের উপরের **Google দিয়ে সাইন আপ করুন** চাপলেই হয়। তখন ইমেইল আলাদা করে ভেরিফাই করতে হয় না, আর ফোন নম্বর চাওয়া হয় দোকান সেটআপের সময়।

## লগ ইন করুন

1. tukri.bd-এর উপরে **লগ ইন** চাপুন। ফোনে এটা উপরের মেনুর ভেতরে থাকে।
2. **ইমেইল ঠিকানা** আর **পাসওয়ার্ড** দিয়ে **লগ ইন** চাপুন। Google দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকলে **Google দিয়ে চালিয়ে যান** চাপুন, আর পাসকি সেট করা থাকলে **পাসকি দিয়ে সাইন ইন করুন**।
   ![লগ ইন পেজ: পাসকি আর Google বাটন, ইমেইল ও পাসওয়ার্ডের ঘর, আমাকে মনে রাখুন আর লগ ইন বাটন](https://tukri.bd/help-center/bn/create-account-and-sign-in/login-phone.webp)
3. নিজের ফোন বা কম্পিউটার হলে **আমাকে মনে রাখুন** টিক দিন, তাহলে এই ডিভাইসে লগ ইন থেকে যাবেন। টিক না দিলেও সাত দিনের মধ্যে একবার টুকরি খুললে লগ ইন থাকে।

## পাসওয়ার্ড ভুলে গেলে

1. লগ ইন পেজে **পাসওয়ার্ড ভুলে গেছেন?** চাপুন।
2. অ্যাকাউন্টের ইমেইল ঠিকানা লিখে **পাসওয়ার্ড রিসেট লিংক পাঠান** চাপুন।
   ![পাসওয়ার্ড ভুলে গেছেন পেজ: ইমেইলের ঘর আর রিসেট লিংক পাঠানোর বাটন](https://tukri.bd/help-center/bn/create-account-and-sign-in/forgot-password-phone.webp)
3. ইমেইলে আসা লিংক খুলুন, নতুন পাসওয়ার্ড দুবার লিখুন, তারপর **পাসওয়ার্ড রিসেট করুন** চাপুন। এরপর নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

## লগ আউট করুন

**ফোন বা ট্যাবলেটে:**
1. উপরে ডান কোণে আপনার নামের অক্ষর লেখা গোল বাটনে চাপুন।
2. **লগ আউট** চাপুন।
   ![ফোনে উপরের ডান কোণের মেনু খোলা: নাম, সেটিংস আর লগ আউট](https://tukri.bd/help-center/bn/create-account-and-sign-in/log-out-phone.webp)

**কম্পিউটারে:**
1. বাঁ পাশের মেনুর একদম নিচে আপনার নামে ক্লিক করুন। বিক্রির স্ক্রিনে নামটা উপরে ডান কোণে থাকে।
2. **লগ আউট** চাপুন।

> **জরুরি:**
>
> ইন্টারনেট ছাড়া করা কোনো বিক্রি এখনো সিঙ্ক না হয়ে থাকলে লগ আউটের আগে **সিঙ্কের অপেক্ষায় অফলাইন বিক্রি** দেখায়। সেই বিক্রিগুলো এই ডিভাইসেই থাকে, আর একই অ্যাকাউন্টে আবার লগ ইন করলে সিঙ্ক হয়, তবে বিক্রির ৩০ দিনের মধ্যে। তাই আগে ইন্টারনেটে যুক্ত হয়ে সিঙ্ক হতে দিন, তারপর লগ আউট করুন। লগ আউট করতেও ইন্টারনেট লাগে।

## সমস্যা হলে

**ইমেইলটা নিচ্ছে না।** অস্থায়ী বা "ডিসপোজেবল" ইমেইল ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় না, নিয়মিত ব্যবহার করেন এমন ঠিকানা দিন। ঠিকানার বানান ভুল মনে হলে টুকরি ঠিক বানানটা সাজেস্ট করে।

**বলছে এই ইমেইলে আগেই অ্যাকাউন্ট আছে।** একটা ইমেইলে একটাই অ্যাকাউন্ট খোলা যায়। আগের অ্যাকাউন্টে লগ ইন করুন, পাসওয়ার্ড মনে না থাকলে উপরের মতো রিসেট করুন।

**পাসওয়ার্ড নিচ্ছে না।** তালিকার সব শর্ত সবুজ হতে হবে। অ্যাকাউন্ট খোলার সময় টুকরি দেখে পাসওয়ার্ডটা কোনো ফাঁস হওয়া তালিকায় আছে কি না, থাকলে অন্য একটা পাসওয়ার্ড দিন।

**ফর্মের নিচে নিরাপত্তা যাচাই দেখাচ্ছে।** যাচাইটা শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন, তারপর বাটন চাপুন।

---
- উৎস: https://tukri.bd/bn/help/create-account-and-sign-in
- ভাষা: বাংলা
- ইংরেজিতে: https://tukri.bd/help/create-account-and-sign-in
- সর্বশেষ যাচাই: 2026-10-22
- ভাষা মডেলের জন্য সাইট ইনডেক্স: https://tukri.bd/llms.txt
