# নতুন প্রোডাক্ট যোগ করবেন যেভাবে

> চার ধাপের ফর্মে প্রোডাক্ট যোগ করুন: নাম, ক্যাটাগরি, একক আর দাম, তারপর শুরুর স্টক, বিক্রির ধরন আর SKU, বারকোড ও ছবি।

টুকরিতে প্রোডাক্ট যোগ হয় চার ধাপের একটা ফর্মে: **মূল তথ্য**, **স্টক**, **বিক্রয়** আর **বিস্তারিত**। শুধু প্রথম ধাপটা (নাম আর দাম) পূরণ করলেই প্রোডাক্ট সেভ করা যায়, বাকিগুলো দরকার হলে পরে দিলেও চলে। সেভ হলেই প্রোডাক্টটা বিক্রির স্ক্রিনে চলে আসে।

## শুরু করার আগে

- প্রোডাক্ট যোগের অনুমতি থাকতে হবে। **মালিক**, **অ্যাডমিন** আর **স্টাফ**, তিন রোলেই এটি থাকে।
- আপনার প্ল্যানে কয়টা প্রোডাক্ট রাখা যায়, তার একটা সীমা আছে। সীমা শেষ হলে নতুন প্রোডাক্ট যোগ হয় না।

## প্রোডাক্টের ফর্ম খুলুন

সবচেয়ে সহজ: ড্যাশবোর্ডের **দ্রুত কাজ** থেকে **পণ্য যোগ** চাপুন। অথবা প্রোডাক্টের তালিকা থেকে:

**কম্পিউটারে:**
1. বাঁ পাশের মেনু থেকে **পণ্য** খুলুন।
2. উপরে ডান দিকের **পণ্য যোগ করুন** চাপুন।
   ![কম্পিউটারে পণ্যের তালিকা: উপরে ডান দিকে পণ্য যোগ করুন বাটন](https://tukri.bd/help-center/bn/add-a-product/products-computer.webp)

**ফোন বা ট্যাবলেটে:**
1. নিচের **মেনু** থেকে **পণ্য** খুলুন।
2. নিচের মাঝখানের গোল সবুজ বাটনে চাপুন।
   ![ফোনে পণ্যের তালিকা: নিচের মাঝখানে গোল সবুজ বাটন](https://tukri.bd/help-center/bn/add-a-product/products-phone.webp)

## ধাপ ১: মূল তথ্য

1. **পণ্যের নাম** লিখুন। নাম ইংরেজিতে দিলে **বাংলা নাম**-ও দিন: বাংলায় অ্যাপ চালালে বিক্রির স্ক্রিনে সেটাই দেখায়।
2. **ক্যাটাগরি** বেছে নিন। নতুন ক্যাটাগরি লাগলে পাশের **+** চেপে সেখানেই বানান।
3. **একক** বেছে নিন। নতুন দোকানে শুধু পিস থাকে; কেজি, লিটার বা অন্য একক লাগলে পাশের **+** চেপে **একক যোগ করুন**।
4. **ক্রয় মূল্য** (কত টাকায় কেনেন) আর **বিক্রয় মূল্য** (কত টাকায় বেচেন) দিন।
   ![মূল তথ্যের ধাপ: পণ্যের নাম, বাংলা নাম, ক্যাটাগরি, একক, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য](https://tukri.bd/help-center/bn/add-a-product/basics-phone.webp)
5. **পরবর্তী** চাপুন। শুধু এটুকু দিয়ে রাখতে চাইলে **এখনই সেভ করুন** চাপুন।

## ধাপ ২: স্টক

1. **শুরুর স্টক**: এখন দোকানে কতটা আছে। এটা শুধু প্রোডাক্ট যোগের সময়ই দেওয়া যায়।
2. **কম স্টক সতর্কতা**: স্টক এই সংখ্যায় বা তার নিচে নামলে টুকরি সতর্ক করে।
3. ওষুধ বা খাবারের মতো মেয়াদওয়ালা মাল হলে **ব্যাচ ও মেয়াদ ট্র্যাক করুন** চালু করুন। চাল-ডালের মতো মেপে বিক্রির মাল হলে **খোলা / ওজনে বিক্রি**।
   ![স্টকের ধাপ: শুরুর স্টক, কম স্টক সতর্কতা, ব্যাচ ও মেয়াদ আর খোলা বিক্রির সুইচ](https://tukri.bd/help-center/bn/add-a-product/stock-phone.webp)
4. **পরবর্তী** চাপুন।

## ধাপ ৩: বিক্রয়

এখানে দরকার হলে বেছে নিন:

- **এই পণ্যের ভ্যারিয়েন্ট আছে**: একই প্রোডাক্টের আলাদা সাইজ বা রঙ, প্রতিটির নিজের দাম আর স্টক।
- **প্যাক ও বাল্ক ইউনিট**: পিস ছাড়াও বক্স বা কার্টন ধরে কেনা-বেচা।

দোকানে চালু থাকা অন্য ফিচারের ঘরও এখানে আসে, যেমন কিস্তি বা ওয়ারেন্টি। দরকার না থাকলে কিছু না বদলে **পরবর্তী** চাপুন।

![বিক্রয়ের ধাপ: ভ্যারিয়েন্ট, প্যাক ও বাল্ক ইউনিট আর কিস্তির ঘর](https://tukri.bd/help-center/bn/add-a-product/selling-phone.webp)

## ধাপ ৪: বিস্তারিত

1. **SKU**: খালি রাখলে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। টুকরি ১৩ অঙ্কের একটা নম্বর দেয়, যা বারকোড হিসেবেও ছাপা যায়।
2. প্যাকেটে কোম্পানির বারকোড থাকলে **বারকোড** ঘরে লিখুন, অথবা পাশের ক্যামেরা বাটনে চেপে স্ক্যান করুন।
3. চাইলে **ছবি** দিন। ছবি বেছে নেওয়ার পর বর্গাকারে কেটে নিতে বলবে।
4. **সংরক্ষণ** চাপুন।
   ![বিস্তারিত ধাপ: SKU, বারকোড আর ছবি, নিচে সংরক্ষণ বাটন](https://tukri.bd/help-center/bn/add-a-product/details-phone.webp)

## সেভ করার পর

প্রোডাক্টটা তালিকায় চলে আসে, আর সাথে সাথে বিক্রির স্ক্রিনেও পাওয়া যায়। স্টক থাকে আপনার দেওয়া শুরুর স্টক।

![প্রোডাক্ট যোগের পর তালিকা, নিচে প্রোডাক্ট যোগ হয়েছে বার্তা](https://tukri.bd/help-center/bn/add-a-product/saved-phone.webp)

পরে নতুন মাল এলে স্টক বাড়ান [পারচেজ রেকর্ড করে](https://tukri.bd/bn/help/record-a-purchase), আর গোনায় ভুল ধরা পড়লে [স্টক অ্যাডজাস্ট করে](https://tukri.bd/bn/help/stock-adjustment)। দাম বা নাম বদলাতে দেখুন [প্রোডাক্ট এডিট](https://tukri.bd/bn/help/edit-a-product)।

## সমস্যা হলে

**নতুন প্রোডাক্ট যোগ হচ্ছে না, প্ল্যানের সীমার কথা বলছে।** আপনার প্ল্যানে যত প্রোডাক্ট রাখা যায় তা শেষ। আরও প্রোডাক্টের জন্য বড় প্ল্যান নিন: [প্ল্যান ও সাবস্ক্রিপশন](https://tukri.bd/bn/help/plan-and-subscription)।

**SKU নিচ্ছে না।** একই SKU দোকানের অন্য প্রোডাক্টে আছে, মুছে ফেলা প্রোডাক্টসহ। অন্য SKU দিন, বা খালি রাখুন।

**একক বদলাতে পারছি না।** প্রোডাক্টের স্টক একবার কেনা-বেচা বা অ্যাডজাস্ট হলে একক আর বদলানো যায় না।

**এডিট করতে গিয়ে শুরুর স্টকের ঘর নেই।** শুরুর স্টক শুধু যোগের সময় দেওয়া যায়। পরে স্টক বাড়ে-কমে পারচেজ, বিক্রি আর অ্যাডজাস্টমেন্টে।

---
- উৎস: https://tukri.bd/bn/help/add-a-product
- ভাষা: বাংলা
- ইংরেজিতে: https://tukri.bd/help/add-a-product
- সর্বশেষ যাচাই: 2026-10-22
- ভাষা মডেলের জন্য সাইট ইনডেক্স: https://tukri.bd/llms.txt
